সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে আইফোন

২৫ মার্চ, ২০২২ ১৬:২০  
অ্যাপলের আইফোন ও অন্যান্য ডিভাইসের ক্রমেই অধিকতর দামী হয়ে উঠছে। আর তাই অ্যাপলপ্রেমীরা যাতে সহজেই এসব ডিভাইস ব্যবহার করতে পারেন সেই লক্ষে বিকল্প বিক্রয় মডেল আনার পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট। অ্যাপলের একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, আইফোন ও অন্যান্য হার্ডওয়্যারের জন্য সাবস্ক্রিপশন সেবা তৈরি করছে অ্যাপল। আইফোন আপগ্রেড প্রোগ্রামের মাসিক কিস্তি থাকলেও সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত ফি দিয়ে এই ডিভাইসগুলো ব্যবহার করা যাবে। অ্যাপল অ্যাকাউন্ট থেকেই এই সাবস্ক্রিপশন সেবাটির ব্যবস্থাপনা করা যাবে। অ্যাপল এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে সেবাটিতে রেগুলার আপগ্রেডও থাকবে। চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৩ সালের প্রথমদিকে এই সাবস্ক্রিপশন সেবা চালু হতে পারে। অ্যাপলের বর্তমান আপগ্রেড প্রোগ্রামে আইফোন আপগ্রেড কিংবা অ্যাপল কেয়ারপ্লাস কাভারের জন্য প্রতিমাসে ৩৫ ডলার বা তার অধিক অর্থ পরিশোধ করতে হয়। ডিবিটেক/বিএমটি